দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর শিবপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিজ নরসিংদী হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে ও স্বাধীন একই গ্রামের আসাদ উল বেপারির ছেলে।
পুলিশ ও নিহতের বন্ধুরা জানায়, আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজে। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলো। তারা বাজনাব এলাকায় পৌঁছালে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
একই দিন সকালে পোড়াদিয়া-বেলাবো সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় নছিমন উল্টে চালক শাওন নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে জীবিকার সন্ধানে নছিমন নিয়ে মনোহরদী উপজেলা থেকে বেলাবোর উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে রাধাখালী ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ গাড়ির একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনচালক ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।
নিহত শাওন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, ‘চালক নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
/অ